বান্দরবানে আ.লীগ নেতাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে গত সোমবার রাতে বাড়ি থেকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহরণের প্রতিবাদে ও তাঁকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সমাবেশে অভিযোগ করা হয়, জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা তাঁকে অপহরণ করেছেন।
তবে জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা দাবি করেছেন, কোনো অপহরণ ঘটনা নয়, জেএসএসকে কোণঠাসা করার জন্য আওয়ামী লীগ মংপু মারমাকে কোথাও লুকিয়ে রেখে নাটক করছে। কয়েক দিন আগেও কিবুকপাড়ায় জেএসএসের এক কর্মীকে হত্যা করে উল্টো জেএসএসের নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ হত্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, জেএসএসে কোনো অস্ত্রধারী নেই।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, মংপু মারমা উদ্ধার না হওয়া পর্যন্ত বান্দরবানে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধ পালন করা হবে। ইউপি নির্বাচনে পরাজিত হওয়ায় জেএসএস এ অপহরণ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও অপহৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১২-১৪ জন সশস্ত্র ব্যক্তি জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের রাজবিলা ইউনিয়নের জামছড়ি পাড়ায় আসেন। তাঁরা মংপুকে খুঁজতে থাকেন ও নিজ বাড়ির পাশে এক নারী ইউপি সদস্যের বাড়িতে তাঁকে পেয়ে ধরে নিয়ে যান। মংপুর স্ত্রী জানিয়েছেন, পাতা রঙের পোশাকধারীদের সবার হাতে অস্ত্র ছিল। কী জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো কিছু বলেনি ও মুক্তিপণ বা অন্য কোনো কিছু চেয়ে সংবাদ পাঠায়নি।
রাজবিলা ইউপির নারী সদস্য ক্রানুচিং মারমা বলেন, দুজন অপহরণকারী তাঁর বাড়িতে মংপু মারমাকে খোঁজাখুঁজি করার সময় মারমা ভাষায় কথা বলেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, মংপুকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা চালাচ্ছে। কারা ও কী জন্য অপহরণ করেছে, তা তদন্ত করা হচ্ছে।
মংপু মারমাকে অপহরণের প্রতিবাদে ও উদ্ধারের দাবিতে আওয়ামী লীগ বান্দরবান প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, জনসংহতি সমিতি নির্বাচনের আগে থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি দিয়ে আসছিল। নির্বাচনে পরাজিত হয়ে তারা আওয়ামী লীগের ৫১ জন নেতা-কর্মীর একটি তালিকা করেছে। ওই তালিকায় মংপুর নামও রয়েছে। তাঁরা বলেন, ১২ ঘণ্টার মধ্যে মংপুকে ছেড়ে না দিলে আজ বুধবার থেকে জেলার সব সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি চলবে।