বান্দরবানের লামায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের এক নেতাকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কিশোরীর স্বজনদের ভাষ্যমতে, লামা সদর ইউনিয়নের ওই কিশোরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চন্দন দাশের স্টুডিওতে ছবি তুলতে গেলে ধর্ষণের শিকার হয়। ওই কিশোরী বলে, ধর্ষণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে চন্দন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের কথা বললে চন্দন মারধর করে তাড়িয়ে দেয়।
পুলিশ জানায়, গত শনিবার রাতে ওই কিশোরী চন্দন দাশকে আসামি করে থানায় মামলা করেছে।
চন্দন দাশের দাবি, ওই কিশোরীকে সে চেনে না। ষড়যন্ত্রমূলকভাবে কেউ হয়তো ফাঁসানোর চেষ্টা করছে।
লামা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সুস্থ হলে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে।
ধর্ষণচেষ্টার অভিযোগ: বান্দরবান সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নাজিম উদ্দিন (২০) নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, গত শনিবার সন্ধ্যায় নাজিম ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি তাঁর হাতে কামড় দিলে ও চিৎকার করলে সে পালিয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় মেয়েটির নানি সদর থানায় মামলা করেছেন।