বান্দরবানে এক ব্যক্তিকে পিটিয়ে, গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলায় গত সোমবার রাতে একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। একই এলাকার সাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম থোয়াইংগ্য শে মারমা (৪২)। তিনি বান্দরবান সদর উপজেলার হ্লাপাইমুখ পাড়ার বাসিন্দা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তারাছা খালের তীরে অবস্থিত হ্লাপাইমুখ পাড়া। সোমবার রাত সাড়ে নয়টার দিকে থোয়াইংগ্য শে মারমার (৪২) বাড়ি ঘেরাও করে সাত-আটজন। এ সময় থোয়াইংগ্য শে পরিবারের সদস্যদের সঙ্গে টেলিভিশন দেখছিলেন। আক্রমণের বিষয়টি টের পেয়ে তিনি বাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়ে এক শিক্ষকের বাড়িতে আশ্রয় নেন।
থোয়াইংগ্য শের শ্যালক ক্যথুইপ্রু মারমা বলেন, একই পাড়ার বাসিন্দা উ অং সিং মারমা (৩০), উ চ প্রু (৫৫), পুলু মং (৪০), মং ছো হ্রী (৩০), নুথোয়াইচিং (৪৩), ক্যথোয়াইচিং (৪৫) ও মংম্যাসিং (২৭) এ হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যাকারীরা ওই শিক্ষকের বাড়ির দরজা ভেঙে থোয়াইংগ্য শেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। এরপর লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে করতে তাঁকে পাশের একটি খালের ঘাটে নিয়ে যান। সেখানে পিটিয়ে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে ফেলে রেখে যান।
থোয়াইংগ্য শের স্ত্রী ক্যইমা অং মারমা বলেন, কী কারণে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে, তিনি বুঝে উঠতে পারছেন না। তবে কয়েক দিন আগে তাঁদের একটি ছাগল মেরে ফেলা হয়। এতে তাঁর স্বামী কয়েকজনকে দোষারোপ করে গালাগাল করেছিলেন। তবে ওই ঘটনায় আর কারও কোনো ওজর-আপত্তি ছিল না।
খুনের ঘটনায় ক্যইমা অং মারমা বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা করেছেন। এতে উল্লিখিত ওই সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সা বু খয় মারমা বলেন, ছাগল মেরে ফেলার ঘটনার বাইরেও পুরোনো কোনো আক্রোশের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। বিষয়টি ভালোভাবে তদন্ত হওয়া দরকার। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ তিনজনকে আটক করেছে। অথচ মামলার এজাহারে তাঁদের নাম নেই।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। আর মামলার এজাহারভুক্ত আসামিদের ধরার চেষ্টা চলছে।