বান্দরবানে এখনো পাহাড় কাটা হচ্ছে

বান্দরবান জেলা শহরে আবারও বিপজ্জনকভাবে পাহাড় কাটা হচ্ছে। আজ শনিবার কালাঘাটা বড়ুয়ারটেক এলাকার ফ্রান্সিঘোনায় পাহাড় কাটার দৃশ্য দেখা গেছে। এ ছাড়া গত ১২ ও ১৩ জুন ব্যাপক পাহাড়ধসে প্রাণহানির ঘটনার পরও পাহাড়ের ধাপ কেটে নির্মিত বাড়িঘরে ও ঝুঁকিপূর্ণ পাহাড়ে শত শত পরিবার বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, বান্দরবান-রোয়াংছড়ি সড়কের কালাঘাটা ফ্রান্সিঘোনায় খাড়া একটি পাহাড় কাটা হচ্ছে। পাহাড়ের গোড়ায় একটি বটগাছ, একটি মসজিদ ও বেশ কিছু পরিবারের ঘরবাড়ি রয়েছে। বিপজ্জনকভাবে কেটে ফেলা পাহাড়টি যেকোনো সময় ওই ঘরবাড়ি ও মসজিদের ওপর ধসে পড়তে পারে। পাহাড় কাটা শ্রমিক মোহাম্মদ সেলিম বলেছেন, পাহাড়টি একজন সৌদিপ্রবাসী কিনে নিয়েছেন। ওই প্রবাসীর অনুমতি নিয়ে পাহাড়ের পাদদেশে মাটি ফেলে আরও ঘরবাড়ি নির্মাণের জন্য তাঁরা পাহাড়টি কাটছেন।
ওই এলাকার শিরিন আক্তার বলেছেন, ১২ জুন ভারী বৃষ্টিতে তাঁদের বাড়ির ওপর মসজিদের সীমানা খুঁটিসহ পাহাড় ধসে পড়েছিল। অল্পের জন্য তাঁরা রক্ষা পেয়েছেন। আবারও যেকোনো সময় ধসে পড়তে পারে। এ জন্য বৃষ্টি হলে আতঙ্কে ঘুমাতে পারেন না।

একই কালাঘাটা এলাকায় দেখা গেছে, বড়ুয়াপাড়া, বীর বাহাদুরনগর, গৌতম বিহার এলাকা, শিশু পরিবারের আশপাশে বেশ কয়েকটি পাহাড় বিপজ্জনকভাবে কেটে ফেলা হয়েছে। বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঈদের আগে ওই এলাকা পরিদর্শন করে নির্বাহী হাকিম আলী নুর, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ জানিয়েছেন, ওই এলাকায় ৫০টিরও বেশি পরিবার মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এ ছাড়া বান্দরবান-চট্টগ্রাম সড়কের মানুরটেকের কসাইপাড়া, ইসলামপুরের কাসেমপাড়া, পানির ট্যাংক এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে দুই শতাধিক পরিবার বসবাস করছে। মানুরটেকের কসাইপাড়ার আবুল বশর বলেন, তাঁরা বান্দরবান-চট্টগ্রাম সড়কের কিনারায় শুধু কসাইপাড়ায় প্রায় ১০০ পরিবার ৩০ বছর ধরে বসবাস করছে। কিন্তু কখনো পাহাড় ধসে পড়ে না। এ বছর ভারী বৃষ্টিতে মাটি ক্ষয়ে যাওয়ায় কিছু পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা হয়েছে। কিন্তু যাওয়ার কোনো জায়গা না থাকায় সেখানে বসবাস করা ছাড়া কোনো উপায় নেই।
পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই বলেন, বেপরোয়া পাহাড় কাটা ও পাহাড়ি পরিবেশের সঙ্গে মানানসই নয়, এমন অপরিকল্পিত আবাসনব্যবস্থার কারণে ১২ ও ১৩ জুন ব্যাপক পাহাড়ধস হয়েছে। পাহাড়ে চাপা পড়ে এত মানুষের মৃত্যু হওয়া সত্ত্বেও এখনো পাহাড় কাটা হচ্ছে এবং প্রশাসনও নির্বিকার ভূমিকায় রয়েছে। অব্যাহত পাহাড় কাটা, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস ও প্রশাসনের নীরবতায় বর্ষায় আবারও প্রাণহানি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, পাহাড় কাটার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তবে তাঁরা খোঁজখবর নিচ্ছেন এবং পাহাড় কাটতে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকুসদ চৌধুরী বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন কেউ কাটলে সম্পূর্ণ অবৈধভাবে কাটা হচ্ছে। এসব কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।