বান্দরবানে গাইডসহ দুই পর্যটককে অপহরণ
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা রাইনক্ষ্যং থেকে একজন গাইডসহ দুই পর্যটককে অপহরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে দুই পর্যটক ওই এলাকায় যান। আজ সোমবার তাঁদের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
অপহৃত দুই পর্যটক হলেন আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন ওরফে মুন্না। তাঁদের গাইড স্থানীয় বাসিন্দা মাংসাই ম্রু। পর্যটক দুজন ঢাকার মিরপুরে থাকেন।
ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এই কাজ করেছে। তবে অপহরণকারীদের পক্ষ থেকে যোগাযোগ না করায় অপহরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা দুই পর্যটককে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আসা দুই পর্যটক ও একজন স্থানীয় গাইডকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ চায়নি বা কিছু দাবি করেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার কেওকাড়াডং হয়ে এই দুই পর্যটক একজন গাইডসহ রাইনক্ষ্যংয়ে একটি পুকুর দেখতে যাচ্ছিলেন। রাইনক্ষ্যংয়ের কোনো একটি স্থান থেকে সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করেছে।