বান্দরবানে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
বান্দরবান শহরের মধ্যমপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে শাহীনূর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে শাহীনূরের স্বামী মোহাম্মদ হেলালকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, রাগের মাথায় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন হেলাল।
হেলালের প্রতিবেশীদের ভাষ্যমতে, হেলাল কয়েকটি বিয়ে করেছেন। শাহীনূরকে বিয়ের পর রাঙামাটিতে আরেকটি বিয়ে করায় স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জের ধরে হেলাল শাহীনূরকে হত্যা করে থাকতে পারেন।
মধ্যমপাড়ায় সাঙ্গু নদের চরে অবৈধভাবে গড়ে ওঠা বস্তির একটি বাসায় ভাড়া থাকেন হেলাল। প্রতিবেশী পারভিন আক্তার বলেন, ভোরে তাঁরা বাচ্চাদের চেঁচামেচি ও শাহীনূরের চিৎকার শুনতে পান। তাঁরা সেখানে গেলে হেলাল প্রথমে তাঁদের বাড়িতে ঢুকতে দেননি। পরে বাড়িতে ঢুকে শাহীনূরকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন তাঁর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। ওই দম্পতির তিন শিশুসন্তান ভয়ে চিৎকার করে কান্নাকাটি করছিল।
শাহীনূরের মা সেতারা বেগম ও বস্তিবাসীরা বলেন, হেলাল সন্ত্রাসী প্রকৃতির ও চতুর। শাহীনূরকে বিয়ের আগে তিনি আরও কয়েকটি বিয়ে করেন। পরে রাঙামাটিতে আরেকটি বিয়ে করেছেন বলে তাঁরা শুনেছেন।
বস্তির বাড়ির মালিক আহম্মদ হোসেন বলেন, তিন মাস আগে তিনি হেলালকে বাসা ভাড়া দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম বলেন, হেলাল নৃশংসভাবে স্ত্রীকে হত্যা করেছেন। হত্যার পর কিছুটা অপ্রকৃতিস্থ অবস্থায় তিনি একেক সময় একেক কথা বলছেন। তিনি বলেন, হেলালের একাধিক বিয়ের কথা তাঁরাও শুনেছেন। রাঙামাটির বিয়ে নিয়ে সমস্যা হওয়ায় হেলাল এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।