বান্দরবানে চাঁদাবাজ সন্দেহে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে সেনাবাহিনী ও পুলিশ গত বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ গতকাল শুক্রবার জানায়। তাঁদের সবার বাড়ি রুমায়।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুন্নবী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের হাবিব বোর্ডিং থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রুমা গালেংগ্যা ইউনিয়নের বাজারঢেউপাড়ার মংনু মারমা (২২), ফোম্যাউ মারমা (৩৮), মংটু মারমা (২৪), মংমং মারমা (২২), রুমা সদর ইউনিয়নের মাংলুংপাড়ার চাইন্দু মং (২৪) ও সাথোয়াই মারমাকে (১৮) গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার ছয়জনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার ব্যাপারে প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হবে।
তবে থানায় সাংবাদিকদের ওই ছয়জন বলেন, তাঁরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। কাঠের সওদাগরের কাছে গাছ বিক্রির জন্য বান্দরবানে এসেছিলেন। তাঁরা সবাই জুমচাষি।