বান্দরবানে জেএসএসের জায়গা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের উজানীপাড়ায় জনসংহতি সমিতির (জেএসএস) জমিতে তৈরি করা একটি ঘর ভেঙে জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন জেলা জেএসএসের সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয় ভবনের বিপরীতে জেএসএসের জায়গায় নির্মিত ঘরটি কয়েকজন শ্রমিক এসে ভেঙে ফেলার চেষ্টা করেন। তাঁরা স্থানীয় লোকজনকে জানান, সুমন চক্রবর্তী নামের এক ব্যক্তি বান্দরবান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মংসানু মারমার কাছ থেকে ঘরটি আট হাজার টাকায় কিনেছেন।
এ বিষয়ে ক্য বা মং মারমা বলেন, জেএসএস স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য উজানীপাড়ায় তাঁরা তিন শতক জমি কিনেছেন। জায়গাটি একসময় সাংবাদিকদের সংগঠন বান্দরবান রিপোর্টার্স ইউনিটি কিনতে চেয়েছিল। তাদের সঙ্গে সমঝোতা করে জমি কেনা হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি চবাথুই মারমা বলেন, জায়গাটি প্রথমে রিপোর্টার্স ইউনিটি কেনে। পরে তা জেএসএসের কাছে হস্তান্তর করা হয়।
রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি মংসানু মারমা দাবি করেন, আগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক জায়গাটি অবৈধভাবে জেএসএসের কাছে বিক্রি করেছেন। জায়গাটি রিপোর্টার্স ইউনিটির। সে কারণে ঘরটি ভেঙে ফেলা হচ্ছিল।
বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ বলেন, ঘরটি জেএসএস নির্মাণ করলেও জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ জায়গার ঘর না ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।