বান্দরবানে থানার সামনে এসআইয়ের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর থানার সামনে এনামুল হক নামের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। কৃষক লীগের পৌর সাধারণ সম্পাদক আবুল বশর গত শুক্রবার রাতে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পুলিশ তাঁকে আটক করলে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় গতকাল শনিবার সকালে এসআই এনামুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সকালে সাতকানিয়ার বাজালিয়া এলাকা থেকে নূরুল কবীর নামের কৃষক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিনা বেগম জানান, ইউপি নির্বাচনে পরাজিত হয়ে তাঁর প্রতিপক্ষ আবুল বশর, নূরুল কবীর ও তাঁদের লোকজন প্রায়ই তাঁকে মানসিক নির্যাতন ও হয়রানি করেন। এ কারণে তিনি থানায় অভিযোগ করলে এসআই এনামুল শুক্রবার উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু মীমাংসা শেষে চলে যাওয়ার সময় থানার প্রধান ফটকে আবুল বশর ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান।
এসআই এনামুল হক বলেন, থানার সামনে দুজনের মধ্যে হাতাহাতি হলে তিনি তাঁদের নিবৃত্ত করতে যান। এ সময় আবুল বশর তাঁকে কিলঘুষি মারেন। একপর্যায়ে তাঁর পোশাক ধরে টানাহেঁচড়া করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর আবুল বশরকে আটক করলে রাত সাড়ে আটটার দিকে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। তাঁরা থানা ঘেরাও করতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
স্বেচ্ছাসেবক লীগের পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এনাম প্রথমে আবুল বশরকে মারধর করেন। পুলিশের পোশাক না থাকায় আবুল বশর এনামুলকে চিনতে না পেরে আত্মরক্ষার চেষ্টা করেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এনামের ওপর হামলা ও থানা ঘেরাওয়ের ঘটনায় বশর ও নূরুলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।