বান্দরবানে দুই 'মাদক ব্যবসায়ী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের পর দুজনকে আটক করার দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজবিলা ইউনিয়নের উদাল বনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিবির পরিদর্শক মঞ্জুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

ডিবির ভাষ্য, আটক দুজন হলেন-বুলু বাহিনীর প্রধান মো. ইলিয়াস ওরফে বুলু (৩২) এবং তাঁর সহযোগী মো. রুবেল (২২)। তাঁরা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও প্রায় ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

ডিবির পরিদর্শক মঞ্জুরুল আলমের দাবি, পাঁচ-ছয়জন সহযোগীকে বুলু তাঁর ওই এলাকায় অবস্থান করছিলেন। ডিবি সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ডিবির দুই কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে বুলু ও রুবেলকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান মঞ্জুরুল আলম।