বান্দরবানে নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের বালাঘাটা ভরাখালিঘাট এলাকায় সাঙ্গু নদে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে এক স্কুলছাত্র।
মৃত জয় চাক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ইকবাল হোসেন বলেন, গতকাল বেলা একটার দিকে জয় চাকসহ তার কয়েকজন বন্ধু বালাঘাটা ভরাখালিঘাটে সাঙ্গু নদে গোসল করতে যায়। সাঁতার কাটার সময় জয় চাক নদে তলিয়ে যায়। বিকেলে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে।
মৃত জয় চাকের বন্ধু স্বপন তঞ্চঙ্গ্যা জানায়, তারা নয় বন্ধু গোসল করতে গিয়েছিল। সাঁতার কাটতে কাটতে সে (স্বপন) ও জয় অনেক দূর চলে যায়। এ সময় হঠাৎ জয় চাক ডুবে যেতে থাকে এবং এক হাত উঁচিয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে ডাক দেয়। কিন্তু উদ্ধার করার আগেই সে তলিয়ে যায়।
জয় চাকের দূর সম্পর্কের নানি মাসুথুই চাক বলেন, জয় চাকদের বাড়ি নাইক্ষ্যংছড়ির উপর চাকপাড়ায়। তবে তারা বালাঘাটায় শৈলশোভাপাড়ায় থাকে। তার বাবা থোয়াই অংগ্য চাক সেনাবাহিনীর প্রকৌশল শাখার ওয়ারেন্ট অফিসার। তিনি ফেনীতে থাকেন।
থোয়াই অংগ্য চাকের দুই মেয়ে ও এক ছেলে। ছেলে জয় চাক সবার ছোট।