বান্দরবানে পাচারের জন্য মজুত করা কাঠ জব্দ
বান্দরবানের থানচি উপজেলায় বন বিভাগের সহযোগিতায় বৈধ জোট পারমিট (ব্যক্তিমালিকানা জমির বাগানের গাছ কাটা ও পরিবহনের অনুমতিপত্র) দিয়ে অবৈধভাবে পাচারের জন্য মজুত করা কাঠ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত এই কাঠ জব্দ করেন।
জানতে চাইলে ইউএনও আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, বন বিভাগের স্থানীয় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলার কারণে পাচারকারীরা জোট পারমিটে কাঠ ব্যবসার আড়ালে প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কেটে পাচার করছে। এ জন্য স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বন সংরক্ষক ও চট্টগ্রামের বন সংরক্ষককে লিখিতভাবে জানানো হবে।
ইউএনও আরও বলেন, এ ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। চারজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাংছার ম্রো ও সিঙ্গাপা মৌজার হেডম্যান মুইসুইথোয়াই মারমা বলেন, ব্যক্তিমালিকানাধীন জমিতে রোপণ করা বাগানের গাছ কাটা ও পরিবহনের জন্য বন বিভাগ জোট পারমিট দিয়ে থাকে। কিন্তু জোট পারমিট দেওয়া ওই ব্যক্তিমালিকানাধীন অধিকাংশ জমিতে গাছ থাকে না। কাঠ পাচারকারীরা ওই গাছবিহীন জোট পারমিট দিয়ে সরকারি মালিকানাধীন প্রাকৃতিক বনাঞ্চলের গাছ নির্বিচারে কেটে পাচার করছে। এই অবৈধ কাজে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করে থাকেন।
বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, জোট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিছু কাঠ আটক করা হয়েছে। জোট পারমিট দেখিয়ে সরকারি বনাঞ্চলের গাছ কাটার ব্যাপারে তাঁদের জানা নেই।