বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়িতে গতকাল মঙ্গলবার পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তারের পর সেনাবাহিনী তাঁকে গুলি করেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনাসদস্যের অস্ত্র ছিনিয়ে পালানোর সময় তাঁকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ নেতার নাম প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যা। তিনি জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পিসিপির বান্দরবান জেলা শাখার সহসভাপতি। রোয়াংছড়ি উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় গতকাল সকালে তিনি গুলিবিদ্ধ হন।
বাসস্টেশনের দোকানদার ও ঘটনার প্রত্যক্ষদর্শী সুভাষ তঞ্চঙ্গ্যা, মংচিং মারমা, নুস্যাং তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন বলেন, বেলা ১০টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল বাসস্টেশনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা প্রদীপ তঞ্চঙ্গ্যা নামে একজনকে আটক করে। পরে স্থানীয় একটি খামার বাড়ি থেকে আটক করা হয় প্রীতিভূষণকে। এরপর সুভাষ তঞ্চঙ্গ্যার দোকানের পেছনে নিয়ে তাঁকে গুলি করা হয়।
তবে সেনাবাহিনীর বান্দরবান সদর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) আজ বুধবারের জনসমাবেশের নিরাপত্তার স্বার্থে টহল দিচ্ছিল সেনাবাহিনী। এ সময় জেলা শহরে একটি হত্যা মামলার আসামি প্রীতিসেন তঞ্চঙ্গ্যাকে দেখতে পেয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করেন সেনাসদস্যরা। একপর্যায়ে তিনি এক সেনাসদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে গুলি করা হয়। গুলিটি তাঁর বাঁ পায়ে লাগলেও তিনি ঝুঁকিমুক্ত।
জেএসএস ও পিসিপি নেতারা জানিয়েছেন, প্রীতিসেন চাকমা নামে জেলা শহরের বালাঘাটায় একটি মামলার একজন আসামি রয়েছেন। সেনাবাহিনী প্রীতিসেন মনে করে প্রীতিভূষণকে আটক ও গুলি করেছে।
ঘটনার সময় প্রথমে আটক হওয়া প্রদীপ তঞ্চঙ্গ্যার দাবি, তাঁকে আটক করে মারধর করা হয়। তবে ক্ষুব্ধ এলাকাবাসী ঘেরাও করলে সেনাসদস্যরা একটি ফাঁকা গুলি ছোড়েন এবং তাঁকে ছেড়ে দেন। এরপর তাঁরা প্রীতিভূষণকে নিয়ে বান্দরবানে চলে যান।
গুলিবিদ্ধ প্রীতিভূষণকে দুপুরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর সেনাবাহিনী সেখানে লোকজনের চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা পর তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর আগ পর্যন্ত সাংবাদিকদেরও হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি।
জেএসএস ও পিসিপি সূত্রে জানা গেছে, আজ ও আগামীকাল অনুষ্ঠেয় পিসিপির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে গতকাল সন্তু লারমা বান্দরবানে এসেছেন। ওই সম্মেলনের জন্য গাড়ি ভাড়া করতেই বাসস্টেশনে গিয়েছিলেন পিসিপি নেতা প্রীতিভূষণ। ঘটনার পর ক্ষুব্ধ জেএসএস ও পিসিপি নেতা-কর্মীরা অন্তত ১৫-২০টি অফিস ও দোকানপাটে ভাঙচুর করেন।
জেএসএসের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক কে এম মং মারমা ও জেলা সভাপতি ক্যবামং মারমা বলেন, সেনাবাহিনী প্রীতিভূষণকে গুলি করায় ভুল স্বীকার করেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও প্রীতিভূষণের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস দেওয়ায় প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, জেএসএস নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের বৈঠকের পর পরিস্থিতি শান্ত রয়েছে। প্রীতিভূষণের বিরুদ্ধে কোনো মামলা নেই।