বান্দরবানে পৃথক ঘটনায় গ্রেপ্তার ৩
বান্দরবানে পৃথক তিনটি ঘটনায় গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টা ও একজনের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার অন্যজন হত্যা মামলার পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, গতকাল সকালে জেলা শহরতলি কানাপাড়া এলাকা থেকে প্রদীপ দাশ (৪২) নামে একজনকে স্থানীয় লোকজন আটক করে। বান্দরবান সদর থানার উপপরিদর্শক মোমনুল ইসলাম বলেছেন, বিদ্যালয়ে যাওয়ার পথে সাত বছরের এক শিশুকে একা পেয়ে প্রদীপ দাশ ধর্ষণের চেষ্টা করে।
নাইক্ষ্যংছড়ির বাইশারি পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানিয়েছেন, গতকাল দুপুরে দুটি হত্যা মামলার আসামি নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বান্দরবান বাজার থেকে মিজানুর রহমান নামে একজনকে ১৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।