বান্দরবানে বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে হত্যা
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সুনীল চাকমা (৩০)। তিনি কুহালংয়ের কিবুকপাড়ার বাসিন্দা।
সুনীলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ এবং আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সেই সঙ্গে দুটি দলই এ হত্যায় পরস্পরকে দায়ী করেছে।
আগামী শনিবার কুহালং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে ঘিরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার কিবুকপাড়ার মেইগ্য মারমাকে (৩২) গ্রেপ্তার করেছে।
নিহত সুনীল চাকমার স্ত্রী নুং থুইচিং মারমা গতকাল প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে কয়েকজন লোক তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাঁকে হত্যা করে রাস্তার ওপর ফেলে রাখেন তাঁরা।
সুনীলের বাবা প্রফুল্ল চাকমা ও মা জুড়িনা চাকমা বলেছেন, কারও সঙ্গে তাঁদের কোনো দ্বন্দ্ব-বিবাদ নেই। হত্যার কারণ তাঁরা বলতে পারছেন না।
জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা বলেন, সুনীল জেএসএসের সহযোগী সংগঠন যুব সমিতির কিবুকপাড়া শাখার তথ্য ও প্রচার সম্পাদক ছিলেন। জেএসএস-সমর্থিত প্রার্থীর জন্য নির্বাচনের কাজ করছিলেন তিনি। এ জন্য ক্ষমতাসীন দলের লোকজনই তাঁকে হত্যা করেছে বলে তাঁদের ধারণা।
তবে কুহালং ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সানুপ্রু মারমা বলেছেন, জেএসএসের নয়, সুনীল আওয়ামী লীগের কর্মী। নৌকা প্রতীকের পোস্টার লাগানোর সময় জেএসএসের নেতা-কর্মীরা তাঁকে বাধা ও হুমকি দিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেছেন, শ্বাস রোধ করে সুনীলকে হত্যা করা হয়েছে। তাঁর বাবা প্রফুল্ল চাকমা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। প্রধান আসামি মেইগ্য মারমাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।