বান্দরবানে মারমা কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার ক্যমলং ইউনিয়নের এক কিশোরীকে রাস্তা থেকে ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার বান্দরবান সদর থানায় দুই যুবককে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ অক্টোবর এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
ওই কিশোরী প্রথম আলোকে বলে, গত ৮ অক্টোবর সন্ধ্যায় পাড়ার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক তাকে তুলে নিয়ে যায়। তাঁকে প্রথমে রাস্তার পাশের জঙ্গলে আটকে রাখা হয়। পরে রাতে তাকে ইউনিয়ন পরিষদের ভবনে নিয়ে ধর্ষণ করেন তাঁরা। ওই দুই যুবক তাদের পাশের পাড়ায় থাকে। দুজনকে সে চেনে।
কিশোরীর খালা বলেন, ৯ অক্টোবর সকালে অচেতন অবস্থায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। পরিবারটি দরিদ্র। লোকলজ্জা ও ভয়ে বিষয়টি কাউকে এত দিন জানানো হয়নি।
বান্দরবান সদর থানার এসআই কৃষ্ণ কুমার দাশ বলেন, ধর্ষণের ঘটনায় গত বুধবার শহীদুল ইসলামকে ও বৃহস্পতিবার নূরুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।