বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের উজানীপাড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, উজানীপাড়ার একটি ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রীসহ থাকেন একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী নিটেন চাকমা (২৮)। তাঁদের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন একজন কর্মজীবী নারী। সঙ্গে ওই নারীর ছয় বছরের মেয়েও থাকে। ওই নারীর স্বামী অন্য জায়গায় চাকরি করেন।
এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার ওই কর্মজীবী নারী তাঁর মেয়েকে বিদ্যালয়ে দিয়ে কাজে যান। নিটেন চাকমার স্ত্রী সকালে রাঙামাটি যান। দুপুরে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাসায় ফেরে। তখন নিটেন চাকমা বাসায় ছিলেন। তিনি শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। শিশুটি ঘটনার কথা তার মাকে জানালে তিনি গত শনিবার থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে নিটেন চাকমাকে গ্রেপ্তার করে।
বান্দরবান সদর থানার এসআই বেলাল হোসেন বলেন, বান্দরবান সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। নিটেন চাকমাকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দীঘিনালায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর বাবা বলেন, ১৬ মার্চ বিকেলে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের বেলাল হোসেন তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। স্থানীয় চেয়ারম্যান সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় তাঁরা থানায় অভিযোগ করেননি। ঘটনার পর থেকে তাঁর মেয়ে লজ্জায় মাদ্রাসায় যাচ্ছে না।
কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনাটি ধর্ষণ নয়, শ্লীলতাহানি। তাই আমি বিষয়টি সামাজিকভাবে বিচার করার দায়িত্ব নিয়েছি।’
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। আর এমন ঘটনা কোনোভাবেই সামাজিকভাবে সমঝোতাযোগ্য নয়। কিন্তু বিষয়টি সম্পর্কে কেউ পুলিশকে তথ্য দিতে চাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে ওই ছাত্রী যাতে মাদ্রাসায় যেতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।