বান্দরবানে সাঙ্গু নদে নিখোঁজ ১
বান্দরবান শহরের কালাঘাটা খেয়াঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার সাঙ্গু নদে ডুবে অমিলা ত্রিপুরা নামের এক ছাত্র নিখোঁজ হয়েছেন।
অমিলা ত্রিপুরা নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অমিলার ভগ্নিপতি হান্দ্রজয় ত্রিপুরা জানান, অমিলা কালাঘাটায় তাঁর বাসায় থাকতেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.২৫ পাওয়া অমিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
অমিলার বন্ধু অমৃত ত্রিপুরা জানান, তিনি ও অমিলা একসঙ্গে সাঁতার কেটে নদের পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যাচ্ছিলেন। কিন্তু পানি বেশি হওয়ায় নদের মাঝামাঝি গিয়ে তাঁরা ফিরে আসছিলেন। অমিলা তীরের কাছাকাছি এসে স্রোতের টানে ভেসে যান।
কালাঘাটা ত্রিপুরা পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ঈশ্বরচন্দ্র ত্রিপুরা জানান, অমিলার বাড়ি রোয়াংছড়ি উপজেলায়। দুই বছর আগে মায়ের মৃত্যুর পর অসুস্থ বাবাসহ তিনি বোনের বাসায় থাকেন।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রণধীর দত্ত বলেন, অমিলাকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি আনা হয়েছে।