বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ১
বান্দরবানের লামায় নবম শ্রেণির এক ছাত্রীকে গত সোমবার সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এক অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে আজ মঙ্গলবার ধর্ষিতার আত্মীয়রা জানান।
পুলিশ ও এলাকাবাসী বলেন, লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের দরিদ্র পরিবারের নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) সন্ধ্যার আগে বাড়ির পাশের দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে ওত পেতে থাকা মোহাম্মদ রুবেল (২১) ও আনোয়ার হোসেন (২৯) তাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যান। পাড়ার পাশে একটি রাবার বাগানের ঘরে নিয়ে ওই কিশোরীকে প্রথম রুবেল ধর্ষণ করেন।
ছাত্রীর মা ও ভগ্নিপতি বলেন, রুবেলের পর আনোয়ার হোসেন ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রী ধাক্কাধাক্কি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করতে করতে পালাতে থাকে। ভগ্নিপতি বলেন, চিৎকার শুনে তিনি দ্রুত এগিয়ে যান এবং আনোয়ার হোসেনকে দেখতে পান ছাত্রীকে তাড়া করছেন। তখন ছাত্রীর পোশাক তাঁর হাতে ছিল। এলাকাবাসী এসে আনোয়ার হোসেনকে ধরে ফেলেন। ছাত্রী জানায়, ধর্ষণের পরপর তাকে ছেড়ে দিয়ে মোহাম্মদ রুবেল পালিয়ে গেছেন। অভিযুক্ত ধর্ষণকারী রুবেলের বাড়ি চকরিয়া উপজেলার কড়াইয়ারঘোনা গ্রামে, আনোয়ার হোসেনের বাড়ি ফাসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা নতুন পাড়ায়।
লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা শফিউর রহমান বলেন, ওই কিশোরী ছাত্রীকে রাতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। ধর্ষণের বিষয়টি জানার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আনোয়ার হোসেন নামে একজন গ্রেপ্তার হয়েছেন এবং অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা হচ্ছে।