বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বান্দরবানে গতকাল বৃহস্পতিবার নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর ভাষ্যমতে, গতকাল বেলা তিনটার দিকে সে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পাড়া থেকে কিছু দূরে নির্জন পথ দিয়ে যাওয়ার সময় আমান উল্লাহ (৩০) নামের এক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমান উল্লাহ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে আমান উল্লাহ পালিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের সদস্যরা জানান, ওই ছাত্রী জেলা শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বালাঘাটা মুসলিমপাড়ার আমান উল্লাহ ওই ছাত্রীকে মাঝেমধ্যে উত্ত্যক্ত করতেন।
আমান উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তাঁর স্ত্রী জানান, মুঠোফোনে যোগাযোগের একপর্যায়ে তাঁর সঙ্গে আমান উল্লাহর বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, আমান উল্লাহর আরও দুজন স্ত্রী আছেন। বিয়ের পর তাঁকে মহেশখালীর বাড়িতে নিয়ে যাননি আমান উল্লাহ।
বান্দরবান সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ বেলাল জানান, ওই ছাত্রীর পরিবার আমান উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।