বান্দরবানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
বান্দরবানের শহরতলির ভরাখালীতে এক নারীকে তাঁর স্বামী গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে না পারলেও দ্বিতীয় স্ত্রী ও মৃত স্ত্রীর ছোট বোনকে আজ শনিবার গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, জেলা শহরের বালাঘাটাসংলগ্ন ভরাখালীর বাসিন্দা আনোয়ার হোসেন (৩৬) গতকাল শুক্রবার তাঁর স্ত্রী নাসিমা আক্তারকে (৩২) বেদমভাবে মারধর করেন। নাসিমা আক্তারের মা জয়নাব বেগম, বড় বোন শাহীন আক্তার অভিযোগ করেন, নাসিমা আক্তারকে মারধরের পর আনোয়ার গলাটিপে ধরেন এবং শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়। আনোয়ার তখন বিষপানে আত্মহত্যা সাজানোর জন্য নাসিমার মুখে কীটনাশক ঢেলে দিয়ে গ্রামের কাউকে না জানিয়ে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভরাখালী (৪ নম্বর ওয়ার্ড) এলাকার সদস্য আবুল কালাম বলেছেন, আনোয়ার হোসেন সব সময় স্ত্রীর ওপর নির্যাতন চালান এবং বেপরোয়া চলাফেরা করেন। এ জন্য গ্রামবাসীর সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক নেই। অনেকটা গ্রামে একঘরে হয়ে জীবন যাপন করেন। সাত-আট মাস আগে তাঁর শ্যালিকা শিমু আক্তারকে (১৫) লোহাগাড়া থেকে নিয়ে আসেন। দুই বোনকে আলাদা ঘরে রেখে স্ত্রী হিসেবে পরিচয় দিলেও এলাকাবাসী ভয়ে কেউ কিছু বলতে পারতেন না।
মৃত নাসিমা আক্তারের বাবা নূরুল ইসলাম বান্দরবান সদর থানায় মেয়ে শিমু আক্তার, জামাই আনোয়ার হোসেন ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি হত্যা মামলা দায়ের করেছেন।
নাসিমা আক্তারের লাশ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হলেও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহানা রহমান এ ব্যাপারে কোনো কিছু বলতে চাননি।
আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তাঁর আত্মীয়স্বজনেরা কেউ কিছু বলতে রাজি হননি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেছেন, নাসিমা আক্তারকে স্বামী আনোয়ার হোসেন ও দ্বিতীয় স্ত্রী পরিচয়দানকারী ছোট বোন শিমু আক্তার হত্যা করেছেন বলে মনে হচ্ছে। শিমু আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।