বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল রোববার স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষের কারণে ২০-দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে শহরের প্রধান বাজারে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতির সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্বেচ্ছাসেবক দলের জাবেদের পক্ষের কর্মীরা স্লোগান দেওয়ার পর জাহাঙ্গীর পক্ষের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
জাবেদের পক্ষের আবদুল মাবুদ বলেন, দল থেকে বহিষ্কৃত ব্যক্তিরা তাঁদের নেতা-কর্মীদের ওপর খুর দিয়ে আক্রমণ চালায়। এতে তাঁদের পক্ষের সিরাজুল ইসলাম, আল আমিন ও বাদশা মিয়া আহত হন। তাঁদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে পৌরসভার মেয়র জাবেদ রেজা ও জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
জাবেদ রেজার দাবি, তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। অন্যদিকে জাহাঙ্গীর আলমের দাবি, তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে আছেন।
জাবেদ রেজার দাবি, গত উপজেলা পরিষদের নির্বাচনে জাহাঙ্গীর আলম ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ওসমান গণি বলেন, স্বেচ্ছাসেবক দলের দ্বন্দ্বে তাঁরা বিব্রত। এই বিরোধ মেটানোর চেষ্টা চলছে।