বান্দরবানে হত্যা মামলায় তিন কিশোর গ্রেপ্তার
বান্দরবানের লামায় একই বিদ্যালয়ের তিন ছাত্রকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের এক থেকে দুই দিন পর তাদের হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার তিন কিশোরকে আজ সোমবার আদালতে হাজির করার কথা।
লামা উপজেলার পুলিশ সূত্রে জানা গেছে, লামা-সরই সড়কে গত ২৬ মে মো. কামাল উদ্দিন (৩১) নামের মোটরসাইকেলের এক চালক অপহরণের পর খুন হন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই কিশোরকে গত শুক্রবার এবং অপর একজনকে গত শনিবার আটক করে পুলিশ। পরে গতকাল এদের কামাল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
লামা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের সময় এক কিশোরের কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার মোটরসাইকেলের চালক কামাল উদ্দিনের মুঠোফোনের সিম উদ্ধার করা হয়। বান্দরবান জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন বলেছেন, পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা আইনে বিধান রয়েছে। অভিযুক্তরা কিশোর হওয়ায় পুলিশের আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত।