বান্দরবানে হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টা, গ্রেপ্তার ১
বান্দরবান সদর হাসপাতালের শয্যায় ঘুমন্ত মায়ের বুক থেকে সাড়ে চার বছরের এক শিশুকে চুরির চেষ্টার অভিযোগে গত বুধবার রাতে শহীদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সন্দেহ তিনি শিশু পাচারকারী।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এ ঘটনায় শহীদুল্লাহসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শহীদুল্লাহ শিশু চোর ও পাচারচক্রের সদস্য হতে পারে বলে তিনি জানান।
শিশুটির মা নার্গিস ইয়াসমিন জানান, বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলের পাশের শয্যায় মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। হঠাৎ মেয়েটিকে বুক থেকে টেনে নেওয়ায় তাঁর ঘুম ভেঙে যায় এবং দেখেন একজন লোক মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে। এ সময় তিনি চিৎকার করলে পাশের শয্যার রোগীর সঙ্গীরা লোকটিকে ধরে ফেলে।
নার্গিসের পাশের শয্যার রোগীর সঙ্গী নাজিম উদ্দিন বলেন, তিনি প্রথমে শহীদুল্লাহ নামের লোকটি ধরে ফেলেন। মায়ের বুক থেকে মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছেন জানতে চাইলে লোকটি তখন কোনো সদুত্তর দিতে পারেননি। নাজিম বলেন, লোকটি তিন-চার দিন ধরে হাসপাতালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।
এদিকে, এ ঘটনার পর শহরের আরও একজন নারী ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ এনেছেন। শহরের নিউ গুলশান এলাকার বাসিন্দা জাহেদা বেগম এই ঘটনার পর সদর থানায় গিয়ে দাবি করেন, গ্রেপ্তার হওয়া শহীদুল্লাহ তাঁর ১০ বছরের মেয়েক গত ৬ জুন অপহরণের চেষ্টা করেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জানতে চাইলে ওসি রফিক উল্লাহ বলেন, শহীদুল্লাহর বিরুদ্ধে নিউ গুলশান এলাকার আরও একজন নারী লিখিত অভিযোগ করেছেন। মনে হচ্ছে শহীদুল্লাহ শিশু চোর ও পাচারচক্রের সদস্য। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হবে।