বান্দরবানে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার বান্দরবান জেলা শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর বড় বোন বলেন, কিছুদিন ধরে তাঁর ছোট বোনের হাসিখুশি চেহারা বিমর্ষ হয়ে পড়ে। তাঁর কাছে মনে হয়েছে, সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। পরে একান্তে জিজ্ঞেস করার পর সে জানায়, বিদ্যালয়ের দপ্তরি (৩০) তাকে কয়েক মাস ধরে ছুটির পর বিদ্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। দপ্তরি প্রথমে কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখালেও পরে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।

চতুর্থ শ্রেণির এক ছাত্রীর অভিভাবক বলেন, তাঁর মেয়েকে দপ্তরি বিদ্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। পরে সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর তাঁরা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেন।

মানবাধিকার কমিশনের জেলা সভানেত্রী ডনাইপ্রু নেলী বলেন, শিশুরা কান্না করতে করতে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, দুই শিশুর অভিভাবক থানায় মামলা করেছেন। দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে।