বান্দরবানে 'হামলা করতে গিয়ে' পাল্টা আঘাতে নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ‘আঙ্গাপাড়া সন্ত্রাস প্রতিরোধ কমিটির’ সভাপতি থোয়াইচিমং মারমার বাড়িতে ‘হামলার চেষ্টাকালে’ দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই দুজনের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির ভাষ্যমতে, গত মঙ্গলবার রাতে থোয়াইচিমংয়ের বাড়িতে দুই ব্যক্তি হামলা করতে যান। এ সময় থোয়াইচিমং শক্ত কাঠ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।
আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার ভাষ্যমতে, উগ্যহ্লা মারমা (৩৫) ও আপ্রুমং মারমা (২৫) মদ পান করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে থোয়াইচিমং মারমার বাড়িতে হামলা করতে যান। এ সময় থোয়াইচিমং শক্ত কাঠের টুকরো নিয়ে বাড়ির ভেতর তৈরি হয়ে থাকেন। উগ্যহ্লা ও আপ্রুমং বাড়ির দরজায় এলে থোয়াইচিমং তাঁদের মাথা ও বুকে কাঠ দিয়ে আঘাত করলে দুজনই ঘটনাস্থলে মারা যান।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আঙ্গাপাড়ার বাসিন্দা পুহ্লাঅং মারমা বলেন, মঙ্গলবার সেনাবাহিনীর লিরাগঁই ক্যাম্পে সন্ত্রাস প্রতিরোধ নিয়ে একটি সভা হয়। উগ্যহ্লা মারমার সন্দেহ, থোয়াইচিমং ওই সভায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ করেন। এ কারণে আপ্রুমংকে নিয়ে হামলা করতে যান তিনি। উগ্যহ্লা ও আপ্রুমং দুজনই লামা রূপসীপাড়া ইউনিয়নের রিগিচাপাড়ার বাসিন্দা।
তবে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, লিরাগঁই ক্যাম্পের সভায় থোয়াইচিমং কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। সন্দেহের বশে ওই দুজন তাঁর বাড়িতে হামলা করতে যান। সভাপতি থোয়াইচিং মারমা ঘটনার পর পালিয়ে গেছেন।
ওসি আরও জানান, উগ্যহ্লা মারমা কয়েকটি মামলার আসামি ছিলেন।
এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে রোয়াংছড়ি থানায় উগ্যহ্লা মারমার স্ত্রী মেনু সিং মারমা হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে থোয়াইচিমংকে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জীব কুমার রায়। জেলা প্রশাসক নিহত দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।