বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার একটি নির্জন বাগানে গত বৃহস্পতিবার রাতে দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাগানটি দেখাশোনার জন্য সেখানে ঘরে তুলে তাঁরা থাকতেন।
পুলিশ বলছে, হত্যার শিকার চারজনই মিয়ানমারের রোহিঙ্গা। পারিবারিক কলহের জের ধরে এ নৃশংস খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চারজন হলেন মোহাম্মদ আমিন (৪৫), তাঁর ছেলে জুনায়েদ (১২), আমিনের বোন বেগম বাহার (৪০) ও তাঁর ছেলে ইলিয়াস (৫)। হত্যাকাণ্ডের পর আমিনের স্ত্রী নূর নাহার ও শ্যালক আবদুস শুক্কুর পলাতক রয়েছেন। খুন হওয়া জুনায়েদের সৎমা নূর নাহার।
হত্যাকাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার কক্সবাজার থেকে বান্দরবানেএসেছেন বেগম বাহারের ছেলে হামিদ হোসেন, শফি আলম, শফির স্ত্রী ছহুরা বেগম। তাঁরা বলেছেন, অনেক দিন ধরেই আমিনের সঙ্গে তাঁর স্ত্রী নূর নাহারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কয়েক মাস আগেও এ নিয়ে পরিবারে সালিস হয়। বিষয়টি মিটমাটের চেষ্টা করেন তাঁরা।
শফি আলমের অভিযোগ, নূর নাহার ও তাঁর ভাই আবদুস শুক্কুর মিলে আমিনসহ চারজনকে হত্যা করেছেন। বেগম বাহারের আরেক ছেলে হামিদ হোসেন জানান, তাঁদের বাবা মোহাম্মদ ইসলাম মারা যাওয়ার পর মা (বেগম বাহার) শামসুল আলম নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেন। ইলিয়াসের জন্মের পর শামসুল আলম মিয়ানমার চলে যান। তখন থেকে ভাই আমিনের সঙ্গে থাকতেন তাঁর মা। তিনি জানান, প্রায় দেড় বছর ধরে ওই বাগান দেখাশোনার কাজ করতেন। বাগানটির মালিক ঢাকায় থাকেন।
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, রোহিঙ্গা পরিবারটি বাগান দেখাশোনা করত। দিনের বেলায় বাগানের আশপাশে লোকজনের আনাগোনা থাকলেও রাতে এলাকাটি নীরব থাকে। আশপাশে বসতি নেই।
ওই বাগানের পাশের বাগানের মালিক গোপাল দাশ ও হ্লাথুই মারমা জানান, হত্যাকাণ্ডের পর আমিনের স্ত্রী ও শ্যালক পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে আবদুস শুক্কুরকে তাঁরা এলাকায় দেখেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে আমিনের স্ত্রী নূর নাহার ও শ্যালক আবদুস শুক্কুর প্রতিশোধ নেওয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনে করা হচ্ছে। তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, চারজনের লাশ উদ্ধারের পর বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। কিন্তু রোহিঙ্গা পরিবারটি হতদরিদ্র হওয়ায় তাঁরা লাশ কক্সবাজার নিতে চাইছে না। এ কারণে বান্দরবান পৌরসভার কাছে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।