বান্দরবানের মধ্যমপাড়ায় চুরি
বান্দরবান জেলা শহরের প্রধান সড়কের মধ্যমপাড়া এলাকায় গত রোববার গভীর রাতে টহল পুলিশ ও পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে একই সময়ে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, তাদের চোখ ফাঁকি দিয়ে চুরির ঘটনা ঘটলেও ঘটনা শেষে তারা চোরদের দেখতে পেয়ে ধাওয়া করেছিল। কিন্তু কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি।
মধ্যমপাড়া এলাকায় দায়িত্বরত নৈশকালীন পাহারাদার নবী হোসেন বলেছেন, ২০ মিনিটের মধ্যে একই সঙ্গে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কারণ তিনি রাত তিনটা ১০ মিনিটে মধ্যমপাড়া থেকে চৌধুরী মার্কেটের দিকে গিয়েছিলেন। সেখান থেকে সাড়ে তিনটায় ফিরে এসে দেখেন দোকানের তালা ও কলাপসিবল গেট ভাঙা।
তবে চুরি হওয়া মুদির দোকানের মালিক স্বপন বড়ুয়া বলেছেন, তালা ভেঙে এত দ্রুতগতিতে চুরি করা সম্ভব, তা বিশ্বাস করা যায় না।
চুরি হওয়া দোকানদারেরা জানান চোরেরা নগদ টাকা, ল্যাপটপ, মুঠোফোন, দামি সিগারেট ও ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ প্রায় দুই লক্ষাধিক মালামাল নিয়ে গেছে। মোবাইলের দোকানের মালিক মংনুপ্রু মার্মা বলেছেন, তাঁর প্রায় ৫০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।
মংটিংপ্রু মার্মা বলেছেন, নগদ টাকাসহ তাঁর প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
তাঁরা বলেন, মধ্যমপাড়া প্রধান সড়কে রাত-দিন প্রতিনিয়ত মানুষ চলাচল করে। পাহারাদার ও পুলিশের টহলও সার্বক্ষণিক থাকে। সেখানে বড় বড় তালা ও গেট ভাঙার সময় কেউ জানতে না পারার বিষয়টি রহস্যজনক।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, চুরি শেষে চলে যাওয়ার সময় চোরদের ধাওয়া করা হয়েছিল। কিন্তু কুয়াশাচ্ছন্ন অন্ধকার থাকায় কাউকে গ্রেপ্তার ও শনাক্ত করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।