বান্ধবীকে ধর্ষণের হুমকি ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে মুঠোফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজীব বাড়ৈ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত কুমার দাস। রাজীব জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আর অমিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বলে পুলিশ কাছে দাবি করেছে। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকতেন।
গতকাল রাত পর্যন্ত ছাত্রলীগের সংশ্লিষ্ট কমিটির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই ব্যক্তি গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছিনতাইয়ে জড়িত দুজনকে দেখে শাহবাগ থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
গত ১৬ আগস্ট রাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আনসার আলী বান্ধবীকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার পথে পাঁচ ছিনতাইকারী তাঁদের ঘিরে ধরে এবং গালিগালাজ করে দুজনকে টেনেহিঁচড়ে আলাদা করে ফেলে। কিছুক্ষণের মধ্যে ওই পাঁচ যুবকের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। ছিনতাইকারীরা মেয়েটির গলার চেইন, কানের দুল খুলে নেয় এবং আনসার আলীর পকেটে থাকা ডেবিট কার্ড কেড়ে নেয়। এরপর বান্ধবীকে গণধর্ষণের ভয় দেখিয়ে পিনকোড জেনে নিয়ে টিএসসির এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয়। এটিএম বুথ থেকে পাওয়া ভিডিও ফুটেজের সঙ্গে গতকাল গ্রেপ্তার ওই দুজনের চেহারার মিল রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে গত রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযান চলছে, তা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো যাচ্ছে না।
ওই দুজনকে গ্রেপ্তারের খবর পেয়ে গত রাতে শাহবাগ থানায় ভিড় জমান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। তবে উপস্থিত রমনা বিভাগ ও শাহবাগ থানার কর্মকর্তারা রাতে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তাঁরা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন।