সাঁওতাল ছাত্রনেতা বাবলু হেমব্রম হত্যার এক বছর পার হয়েছে গতকাল শুক্রবার (৮ জানুয়ারি)। স্বজন ছাড়া কেউ তাঁর কথা মনে রাখেনি। নীরবেই চলে গেছে দিনটি। এদিকে এক বছরেও বাবলু হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে তাঁর পরিবার।
গত বছরের ৮ জানুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামে বাড়ির ভেতর ঢুকে নিজ ঘরে বাবলু হেমব্রমকে গলা কেটে হত্যা করে।
গতকাল বাবলু হেমব্রমের সমাধিতে ফুল দিতে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে তাঁর মা শান্তি টুডু (৪৭) বলেন, ‘হামার ব্যাটার সঙ্গে জীবনে কারও ঝগড়া হয়নি। বড় শান্ত ছ্যালা। কারও সঙ্গে বিবাদ করতে জানে না। এমন ছ্যালাকে গলায় ছুরি চালিয়্যা জবাই করল! হামরা এখুনো বিচার পাইলাম না।’ গ্রামের কয়েকজনকে নিয়ে মা-বাবা ও আত্মীয়স্বজন বাবুলের সমাধিতে ফুল দেন। বাবলু নিহত হওয়ার পর ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন সংগঠন তানোরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি নিয়ে সোচ্চার হয়েছিল। কিন্তু প্রথম মৃত্যুবার্ষিকীতে তারা কোনো কর্মসূচি দেয়নি।
বাবলুর বাবা মহেশ্বর হেমব্রম বলেন, কোনো সাঁওতাল নেতা আজ (শুক্রবার) সারা দিন তাঁর সঙ্গে দেখা করেননি। তিনি চরম হতাশা ব্যক্ত করে বলেন, তাঁর ছেলের হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিন মাস আগে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীতে পাঠানো হয়েছে।