বাবা ঋণের জামিনদার না হওয়ায় ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে জামিনদার না হওয়ায় ছেলে সোলায়মান হোসেনকে (৪) হত্যা করেন প্রতিবেশী গাজীপুরের চান্দনা-চৌরাস্তা আউটপাড়া এলাকার এক সেলুন ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়ার পর ওই সেলুন ব্যবসায়ী গতকাল মঙ্গলবার র্যা ব-১-এর কাছে এ স্বীকারোক্তি দিয়েছেন।
স্বীকারোক্তি দেওয়া ব্যক্তির নাম নির্মল রবি দাস (৪০)। সোমবার বিকেলে প্রযুক্তি ব্যবহার করে র্যা ব সদস্যরা তাঁকে আটক করেন। র্যা ব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গতকাল বলেন, সোমবার নির্মল তাঁর দোকানের ভেতর সোলায়মানকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দিয়ে আসেন।
সোলায়মান জামালপুরের ইসলামপুর উপজেলার ভেনুয়ারচর এলাকার মোকাররম হোসেনের ছেলে। তারা গাজীপুরের চান্দনা-চৌরাস্তা আউটপাড়া এলাকায় ভাড়া থাকে। গত সোমবার বিকেলে কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় জঙ্গল থেকে সোলায়মানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোলায়মানের বাবা মোকাররম হোসেন বলেন, নির্মলের বাড়ি নেত্রকোনায়। মোকাররম ও নির্মল গাজীপুরের চান্দনা-চৌরাস্তা আউটপাড়া এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন। নির্মল কলেজপাড়া এলাকায় দোকান ভাড়া নিয়ে সেলুন ব্যবসা করেন। পাশের দোকানে মোকাররম ভাঙারি মালামালের ব্যবসা করেন। সপ্তাহ খানেক আগে নির্মল স্থানীয় মার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি এনজিওতে ২০ হাজার টাকা ঋণের আবেদন করেন। নির্মল তাঁর ঋণপত্রের জামিনদার হতে মোকাররমকে অনুরোধ করেন। মোকাররম এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে নির্মলের সঙ্গে মোকাররমের বিরোধ সৃষ্টি হয়। মোকাররমের ছেলে সোলায়মান গত শনিবার বিকেলে নির্মলের দোকানের সামনে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে সোলায়মানকে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে নির্মলের সেলুনও বন্ধ থাকে। ওই দিন মধ্যরাতে মোকাররমের মুঠোফোনে এক ব্যক্তি সোলায়মানকে ফিরে পেতে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় পরদিন মোকাররম জয়দেবপুর থানায় সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যা বকে জানান। পরদিন বিকেলে র্যা ব নির্মলকে আটক করে।
জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সুরাবাড়ি এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় গতকাল মোকাররম জয়দেবপুর থানায় মামলা করেছেন।