বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল রোববার এক ব্যক্তি ও তাঁর আট বছর বয়সী ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি তাঁর ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করতে পারেন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদিপুর গ্রামের মো. জিন্নাত আলী (৩০) ও তাঁর ছেলে মুন্না (৮)। জিন্নাত আলী পেশায় রিকশাচালক। মুন্না স্থানীয় সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জিন্নাত আলীর চাচাতো ভাই সফর আলী বলেন, পাঁচ বছর আগে জিন্নাত ও তাঁর সাবেক স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে যান। ওই সময় মুন্নার বয়স ছিল তিন বছর। এক বছর পর তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যান। পরে জিন্নাত ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন এবং উপজেলায় রিকশা চালানো শুরু করেন। দুই বছর আগে জিন্নাত আলী আবার বিয়ে করেন। তাঁদের সাত মাস বয়সী একটি ছেলেও আছে।
জিন্নাত আলীর মা তারা বানু বলেন, মুন্নাকে নিয়ে জিন্নাতের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। ঈদুল ফিতরের আগে জিন্নাতের স্ত্রী তাঁর শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। গতকাল সকালে মুন্নাকে বাড়িতে রেখে তিনি দশমাইল মোড়ে কাজে যান। দুপুরে বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতরে বাবা ও ছেলে একই রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।