রাজধানীর কামরাঙ্গীচরে গতকাল বুধবার বিদ্যুতের তারে প্যাঁচানো অবস্থায় দুই শিশুকন্যাসহ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন চা দোকানি বাবু মিয়া ওরফে বিহারি বাবু (৪০), তাঁর মেয়ে জান্নাতি আক্তার (১২) ও মিম আক্তার (৯)।
জান্নাতি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে এবং মিম একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। পুলিশের ধারণা, দুই মেয়েসহ বাবু মিয়া নিজের শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে তা প্লাগের মাধ্যমে যুক্ত করে আত্মহত্যা করেছেন।
কামরাঙ্গীরচর থানার পুলিশ জানায়, বাবু মিয়া দুই মেয়েকে নিয়ে মধ্য রসুলপুরের ১ নম্বর গলিতে সোহেল মিয়ার বাড়ির একটি ঘরে মাসে ১ হাজার ৮০০ টাকায় ভাড়া থাকতেন। গতকাল বেলা দেড়টার দিকে পুলিশ ওই ঘরের টিনের দরজা ভেঙে খাটের ওপর বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় বাবু মিয়া ও তাঁর দুই মেয়ের লাশ উদ্ধার করে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সন্ধ্যা পর্যন্ত কোনো স্বজন মর্গে যাননি। তিনজনের মৃত্যুর ঘটনায় রসুলপুরে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৮ দিন আগে ঝগড়ার জের ধরে বাবু মিয়াকে ছেড়ে চলে যান তাঁর স্ত্রী আসমা বেগম। এর পর থেকে জান্নাতি ও মিম তাদের বাবার সঙ্গে থাকত। রসুলপুরে রনি মার্কেটে বাবু মিয়ার ছোট্ট একটি চায়ের দোকান ছিল।
প্রতিবেশী তানিয়া বেগম জানান, বাবু মিয়া প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁর মেয়েদের নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল দুপুর ১২টা পার হলেও বাবু মিয়ার ঘরের দরজা বন্ধ ছিল। দরজা ধাক্কা দিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। টিনের জানালার ফাঁক দিয়ে দেখেন, বাবু মিয়া ও তাঁর দুই মেয়ে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় খাটের ওপর পড়ে আছে। বিষয়টি তাঁরা কামরাঙ্গীরচর থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে।
বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাবু মিয়ার ঘরটি বাইরে থেকে তালা লাগানো। জানা গেল, লাশ উদ্ধারের পর পুলিশ ঘরটিতে তালা লাগিয়ে দিয়েছে।
তানিয়া জানান, বাবু ও তাঁর মেয়েদের সবার শরীরে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। ওই তারগুলো একটি প্লাগের সঙ্গে যুক্ত ছিল। প্লাগটিতে বিদ্যুৎ সরবরাহ ছিল। পুলিশ এসে প্রথমে প্লাগটি খুলে ফেলে। এরপর তাদের লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।