বাবা খুন, মা আসামি এমন দিনে এল শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রত্না ও সফিকুলের বিয়ের বয়স দুই বছর। দাম্পত্য জীবনের শুরু থেকেই চলছিল বিবাদ। এরই মধ্যে রত্না অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে সফিকুলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় অভিযুক্ত রত্না গ্রেপ্তার এড়াতে রাতেই বাড়ি ছাড়েন। পথেই রত্না সন্তানের জন্ম দেন। কিশোরগঞ্জের ভৈরবে এ ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, সফিকুল ইসলামের (২৮) বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। রত্না বেগমও (২০) একই ইউনিয়নের বধুনগর গ্রামের বাসিন্দা। ২০১৩ সালের জানুয়ারি তাঁদের বিয়ে হয়। সফিকুল স্থানীয় বাজারে ব্যবসা করতেন। বিয়ের এক মাস পর থেকে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। এ কারণে প্রায়ই রত্না বাবার বাড়িতে গিয়ে থাকতেন।
এ নিয়ে একাধিকবার সালিসও হয়। কয়েক দিন আগে ঝগড়া হলে রত্না বাবার বাড়িতে চলে যান। দুদিন আগে শ্বশুর-শাশুড়ি এসে সফিকুলকে তাঁদের বাড়ি নিয়ে যান। শনিবার রাত ১০টার দিকে খবর আসে সফিকুলকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে। পরে সফিকুলের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার আগেই সফিকুলের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় সফিকুলের বাবা শ্রীনগর ইউনিয়ন পরিষদ ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নুরুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই হত্যা মামলা করেন। মামলায় সফিকুলের শ্বশুর আবদুর রশিদ, শাশুড়ি জরিনা বেগম ও স্ত্রী রত্নাসহ নয়জনকে আসামি করা হয়। খবর জেনে রত্না রাতেই বাড়ি ছাড়েন। পরে পুলিশ গিয়ে সফিকুলের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে। গভীর রাতে খবর আসে, পালানোর সময় পথেই রত্না এক ছেলেসন্তান প্রসব করেন।
সফিকুলের বাবা নুরুল ইসলাম জানান, রত্না একান্নবর্তী পরিবার পছন্দ করতেন না। পৃথক হওয়ার জন্য ছেলেকে চাপ দিতেন। এতে রত্নার বাবা ও মায়েরও সম্মতি ছিল। তার পরও সফিকুল আলাদা হতে চাইতেন না। এ নিয়েই তাঁদের মধ্যে বিবাদ চলছিল।
নুরুল ইসলাম অভিযোগ করেন, দাওয়াত দিয়ে ডেকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজন সফিকুলকে খুন করেছে। শনিবার রাতে তিনি দাদা হওয়ার কথাও নিশ্চিত করেছেন।
শ্রীনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশরাফ হোসেন জানান, ওই রাতেই রত্না ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, গলায় ওড়না পেঁচিয়ে সফিকুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যা মামলায় রত্নাকে ৪ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।