
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পোশাক কারখানায় যাওয়ার জন্য তৈরি হতেন সোহানা আক্তার (২৯)। সাতসকালে তাঁর হুড়োহুড়ির কারণে পরিবারের অন্যদেরও ঘুম ভেঙে যেত। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা বেজে গেলেও মেয়েকে ঘুম থেকে উঠতে না দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েন বাবা। শরীর খারাপ করেছে কি না, তা জানতে সোহানাকে ডাকছিলেন তিনি। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন মেয়ের শরীর নিথর। মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশে স্বামী নেই।
পুলিশ বলছে, সোহানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. রাজীব পলাতক। তাঁদের পাঁচ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার সঙ্গেই থাকতেন সোহানা। তাঁর স্বামী পরিবহনশ্রমিক। তাঁদের বাসা চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়ায়।
নিহত সোহানার ছোট ভাই মো. মাসুম প্রথম আলোকে বলেন, তাঁর বোন আগ্রাবাদ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কয়েক দিন আগে তাঁর বোনের সঙ্গে রাজীবকে ঝগড়া করতে দেখেছেন তিনি। রাজীব সংসারের কোনো খরচ দিতেন না। বুধবার রাতের কোনো এক সময় তাঁর বোনকে খুন করে রাজীব পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের মৌলভীপাড়ার ওই বাসায় গিয়ে দেখা যায়, নানি রেহানা আক্তার পাঁচ মাস বয়সী নাতনি সুফিয়া আক্তারকে কোলে নিয়ে কাঁদছেন। খবর শুনে আশপাশের লোকজন ওই বাসায় ভিড় করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান প্রথম আলোকে বলেন, নিহত সোহানার গলার নিচে দড়ির দাগ রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়ে গেছেন রাজীব। এ ঘটনায় নিহতের বাবা আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি রাজীবকে গ্রেপ্তারে অভিযান চলছে।