বাবা-ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সদস্য তাজুল ইসলাম (৪২) ও কলেজপড়ুয়া ছেলে সুহান ইসলাম (১৮) হত্যা মামলার আসামি শাকিল ওরফে পিচ্চি শাকিলকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার বিকেলে গোলাপগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে বলেন, ছেলে ও বাবা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাকিল। ২১ আগস্ট ঘটনার পরপরই শাকিল পালিয়ে চট্টগ্রামের সাতকানিয়া গিয়ে আত্মগোপন করেছিল। সেখানে তাঁকে ধরার চেষ্টা করলে সম্প্রতি গোলাপগঞ্জে মামার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল।
গত ২১ আগস্ট রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সদস্য ও সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগমের স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রায় দুই বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাজুলের কলেজপড়ুয়া ছেলে সুহান ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ছেলের খুনের ঘটনায় ওই এলাকার সন্ত্রাসী শাকিল ওরফে পিচ্চি শাকিলকে আসামি করে হত্যা মামলা শাহানা। প্রায় দুই বছর আগের সেই ঘটনার জের ধরে সুহানের বাবা তাজুলকে হত্যা করা হয় অভিযোগে ২৪ আগস্ট সিলেট কোতোয়ালি থানায় পিচ্চি শাকিলসহ ১১ জনকে আসামি করে মামলা করেন শাহানা।