বাবা-ছেলেকে হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের বিশেষ বিচারিক আদালতের বিচারক শেখ আবদুল আহাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রফিক, আকবার ও সেলিম। এঁদের মধ্যে সেলিম পলাতক রয়েছেন।

এ ছাড়া আবু হানিফা, ফজলুল হক, বাদশাহ ও সুলতান নামের অন্য চার আসামিকে এক বছর করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। শফিক ও জমির আলী নামের দুই আসামি মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রনি, বাবুল, হেলাল ও মমতাজ নামের চারজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১২ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলার চরজেলখানা গ্রামে হরমুজ আলী (৪৭) ও তাঁর ছেলে শফিকুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছর ২২ অক্টোবর হরমুজ আলীর ভাই আনোয়ারুল হক বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করেন।