বাবা-ছেলেসহ জামায়াত শিবিরের তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে উৎখাত করতে গোপন বৈঠকে পরিকল্পনা করার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের ডবলমুরিং থানার জামায়াতে ইসলামের রুকন আবদুস সবুর (৫১) ও তাঁর ছেলে নগর শিবিরের সাথি তাসনিম আহমেদ (১৮) এবং নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ের অফিস সহকারী শহিদুল আলম (২৪)।
আজ বিকেলে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোকতার হোসেন সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ব্যানার ও লিফলেট উদ্ধার করা হয়। চলতি বছরের ডবলমুরিং ও হালিশহর থানায় জামায়াতে ইসলামের পরিকল্পনার একটি চিত্রও পাওয়া যায় তাঁদের কাছে। ব্যানার ও লিফলেটগুলোতে সরকারিবিরোধী উসকানিমূলক স্লোগান রয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধের মামলার রায়কে কটাক্ষ করে লেখা বিভিন্ন লিফলেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোকতার হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন, যুদ্ধাপরাধের মামলায় রায় হওয়ায় অস্তিত্ব-সংকটে ভুগছেন তাঁরা। এ জন্য সরকারকে উৎখাত করতে গোপনে বৈঠক করে পরিকল্পনা করে আসছেন।
জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে আবদুস সবুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত আছি। কিন্তু সরকার উৎখাতের কোনো পরিকল্পনা করছি না। ছোটখাটো ব্যবসা করে সংসার চালাই।