বাবা-মাকে খুন করে পালানোর সময় ছেলেকে ধরল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ও মাকে হত্যার অভিযোগে মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। চৌগাছা থানা, যশোর, ২৫ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
বাবা ও মাকে হত্যার অভিযোগে মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। চৌগাছা থানা, যশোর, ২৫ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা

যশোরের চৌগাছা উপজেলায় বাবা মো. মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে মিলন হোসেন (২৫)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাবা-মাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতা অনেকটা পথ ধাওয়া করে মিলনকে ধরে ফেলে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

প্রতিবেশীরা ও পুলিশ জানায়, মো. মহিরউদ্দিনের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা এই দম্পতির বড় ছেলে মিলনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাঁরা তাঁর পিছু নেন। তাড়া করে দুপুর একটার দিকে গ্রাম থেকে অনেকটা পথ দূরে উপজেলার রাজাপুর-বর্ণি মাঠে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে দেন।

সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেন বলেন, মোবাইলে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। মিলন মাদকাসক্ত। তিনি প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। মিলনের ছোট ভাই লেখাপড়ার জন্য বাড়ির বাইরে থাকে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান বলেন, ‘আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে মিলনের ঝগড়া হয়। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা-বাবাকে হত্যা করেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তবে মিলন মাদকাসক্ত, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।’