বাবা-মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের সবাইকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন মাদকাসক্ত এক ছেলে। গতকাল রোববার বিকেলে ফেনী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সেলিম জাহাঙ্গীরের ছেলে মো. তৈয়ব উল্যা (২৭) নেশার টাকার জন্য এর আগেও ঘরের অনেক জিনিসপত্র বিক্রি করে দেন। প্রতিবাদ ও শাসন করার চেষ্টা করায় তৈয়ব তাঁর বাবাকেও কয়েকবার শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। গতকাল বিকেলে তৈয়র তাঁর বাবা সেলিম জাহাঙ্গীরের কাছে টাকা চান। কী জন্য টাকা দরকার জানতে চাইলে ছেলে তৈয়ব তাঁর বাবার সঙ্গে তর্কে জড়ান। টাকা না দিলে আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ছুরির ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তৈয়ব।
সেলিম জাহাঙ্গীর বলেন, ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি ছেলের বিরুদ্ধে থানায় মামলা করবেন।
ফেনী সদর মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তৈয়ব ঘটনার পর পালিয়ে গেছেন।