বাবা-মায়ের কাছে ফিরতে চায় তারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত সরকারি শিশু পরিবারে ঠাঁই পাওয়া শারমিন বেগম (৮) ও লিপি আক্তার (৭) মা-বাবার কাছে যেতে চায়। কিন্তু স্পষ্ট করে তাদের মা-বাবার নাম ও ঠিকানা বলতে পারছে না। গত ১১ মার্চ সুনামগঞ্জ থেকে তাদের শ্রীমঙ্গল শিশু পরিবারে এনে ভর্তি করা হয়।
শিশু পরিবার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে শারমিন বেগম ও লিপি আক্তারকে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে আশ্রয় দেওয়া হয়েছে। এদের মধ্যে শারমিন বেগমকে পাওয়া গেছে সুনামগঞ্জের ধরমপাশা ও লিপি আক্তারকে ছাতক এলাকায়। শ্রীমঙ্গল শিশু পরিবারে আসার পর থেকেই দুজন তাদের মা-বাবার কাছে যাওয়ার কথা বলছে। কিন্তু দুজন তাদের নাম বলতে পারলেও স্পষ্ট করে মা-বাবার নাম কিংবা ঠিকানা বলতে পারছে না। কোথা থেকে কীভাবে এসেছে তাদের মনে নেই। তারা একেকবার একেক রকম তথ্য দিচ্ছে।
শ্রীমঙ্গল শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. আবদুল মান্নান বলেন, তাদের কথায় বোঝা গেছে, দুজনেরই মা-বাবা আছেন।