বাবা-মায়ের লাশের পাশ থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরভুলুয়া গ্রামে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার ধানখেত থেকে তাঁদের লাশ এবং তাঁদের দুই কন্যাসন্তানকে জীবিত উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া লাশ দুটি চরভুলুয়া গ্রামের সুমন মিয়া (৩৩) ও স্ত্রী আয়শা আক্তারের (২৫)। আর তাঁদের দুই কন্যাসন্তানের নাম সুবর্ণা ও সুকন্যা। সুবর্ণার বয়স দেড় বছর ও সুকন্যার দেড় মাস।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরভুলুয়া গ্রামের মোমেন মিয়ার ছেলে সুমন তিন বছর আগে পরিবারের সদস্যদের না জানিয়ে আয়শাকে বিয়ে করেন। পরিবারের সদস্যরা বিয়ে মেনে না নেওয়ায় তিন বছর ধরে তাঁরা ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বাস করতেন। গতকাল সকালে চরভুলুয়া গ্রামের কৃষকেরা জমি চাষ করতে গিয়ে শিশুদের কান্নার শব্দ পান। তাঁরা একটু এগিয়ে গিয়ে ধানখেতে দুটি লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় সুমন মিয়ার লাশের পাশে বসে সুবর্ণা এবং একটি খালি ব্যাগের ভেতরে সুকন্যা কান্নাকাটি করছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে তাঁদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ ওই দুই শিশুকে সুমন মিয়ার বাবার হাতে তুলে দেয়।
সুমন মিয়ার বাবা মোমেন মিয়া বলেন, পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করায় তাঁরা সুমন ও তাঁর স্ত্রীকে মেনে নেননি। এ কারণেই তাঁরা আত্মহত্যা করল, নাকি কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে না।
এ দম্পতির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন। তিনি জানান, লাশগুলোর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, তাঁদের মৃত্যু কীভাবে হয়েছে। তবে লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় এ দম্পতির মৃত্যু হয়েছে। তবে রাতে সোনারগাঁয়ে মুষলধারে বৃষ্টি হয়। এত বৃষ্টির মধ্যেও শিশু দুটি সুস্থ আছে। তাঁদের পরনের কাপড় ভেজা পাওয়া যায়নি। এ কারণেই তাঁদের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে সুমন মিয়ার বাবা মোমেন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।