বাবা মুক্তিযোদ্ধা নন, ধরা পড়ল দাদার নামে!
মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হয়েছিলেন আবদুর রাজ্জাক। ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে তিনি। কিন্তু মুক্তিযোদ্ধা তোতা মিয়ার বাড়ি মাদারীপুরের শিবচরে। দুই তোতা মিয়ার বাবার নামেও মিল নেই। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের সময় ধরা পড়ে এসব। একইভাবে আরও দুই প্রার্থী জালিয়াতি করেছিলেন। জালিয়াত চক্রের সঙ্গে সঙ্গে প্রার্থীরাও এখন শ্রীঘরে।
বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ খবর জানানো হয়। পুলিশ বলছে, মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত তিন প্রার্থীর দাদার নামের ভিন্নতা থেকেই জালিয়াতির বিষয়টি প্রথম ধরা পড়ে। এরপর আরও খোঁজখবরের পর জানা যায় সবকিছু।
সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ঢাকা জেলার ধামরাই থেকে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার ক্ষেত্রে তিন প্রার্থীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জালিয়াতি করার অভিযোগ উঠেছে। জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই প্রার্থীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে জালিয়াত চক্রের সদস্য তিনজন। তাঁদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকাও উদ্ধার করেছে পুলিশ। আরেক প্রার্থীকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য এবার (মার্চ/২০১৮তম ব্যাচ) ঢাকা জেলা থেকে ৮৩৬ জন প্রার্থী নির্বাচিত করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধায় কোটায় নিয়োগ পাওয়ার কথা ছিল ২৫০ জনের।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, এবার ধামরাই থেকে মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেন ৩৩ জন। এর মধ্যে তিনজন প্রার্থী মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হন। চূড়ান্ত নিয়োগ দেওয়ার আগে যাচাই-বাছাইয়ের সময় প্রথমে তাঁদের দাদার নামে ভিন্নতা ধরা পড়ে।
ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, জালিয়াতির আশ্রয় নেওয়া তিন প্রার্থী হলেন আবদুর রাজ্জাক, মনির হোসেন ও মনোয়ার হোসেন। এর মধ্যে আবদুর রাজ্জাক ও মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জালিয়াত চক্রের তিন সদস্য হলেন আবদুল আলীম, উজ্জ্বল হোসেন ও আয়নাল হোসেন।
পুলিশ বলছে, মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে আবদুর রাজ্জাকের আবেদনের সঙ্গে বাবার নামে মুক্তিযোদ্ধার যে সনদ দেওয়া হয়েছে, তিনি আসলে মাদারীপুর জেলার শিবচর থানার ক্রোকচর গ্রামের মুক্তিযোদ্ধা তোতা মিয়া। তাঁর পিতা জৈয়নুদ্দিন তালুকদার। আর প্রার্থী রাজ্জাকের বাবা তোতা মিয়ার বাবার নাম হাসেন আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ধামরাইয়ের কালামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেনের আবেদনের সঙ্গে বাবার নামে মুক্তিযোদ্ধার যে সনদ দেওয়া হয়েছে, আসলে তিনি কুমিল্লা জেলার বরুয়া থানার বগাবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া। তাঁর বাবার নাম ছায়েদ আলী। মনির হোসেনের দাদার নাম সাকিম উদ্দিন। একইভাবে ধামরাইয়ের ললিতনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেনের আবেদনের সঙ্গে বাবার নামে যাঁর মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়েছে, তিনি নোয়াখালী সদর থানার হাকিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর বাবার নাম আহম্মদ উল্লাহ। প্রার্থী মনোয়ার হোসেনের দাদার নাম মকবুল হোসেন।
পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, আবেদনের সঙ্গে দেওয়া কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাচাই-বাছাইয়ের সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও জেলা গোয়েন্দা কর্মকর্তা-১ দীপক চন্দ্র সাহার কাছে প্রথমে প্রার্থী আবদুর রাজ্জাকের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর আরও যাচাই-বাছাই করে মনির হোসেন ও মনোয়ার হোসেনের জালিয়াতির বিষয়টিও নিশ্চিত হন তাঁরা। যাচাই-বাছাইয়ের সময় জানা যায়, এই প্রার্থীদের বাবা মুক্তিযোদ্ধা নন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে প্রার্থী আবদুর রাজ্জাক ও মনির হোসেনকে আটক করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আয়নাল হোসেন, আবদুল আলীম ও উজ্জ্বল হোসেন নামে জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটক এই পাঁচজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবারই ধামরাই থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, জালিয়াত চক্রের সদস্যরা প্রতিটি সনদের জন্য প্রার্থীদের কাছ থেকে আট লাখ টাকা করে নেন। এর মধ্যে ৫ লাখ ৪০ হাজার টাকা গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, আবদুল আলীম বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জালিয়াতির কথা স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। আর আবদুর রাজ্জাক, উজ্জ্বল হোসেন ও আয়নাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মনিরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।