বাবা-মেয়ের আত্মহত্যায় আরেক আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার জানজর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম বোরহান। তিনি মামলার এজাহারের তিন নম্বর আসামি। তাঁর বাড়ি শ্রীপুরের কর্নপুর গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, গোপন তথ্যের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুরের দুর্গম এলাকা জানজর থেকে তাঁকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ এপ্রিল শ্রীপুরে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা, ভয়ভীতি ও গরু চুরির বিচার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন হজরত আলী। ঘটনার পর হজরত আলীর স্ত্রী হালিমা বাদী হয়ে রেলওয়ে থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।