বাবাকে কুপিয়ে হত্যা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর কলাবাড়িয়া গ্রামে গত শুক্রবার রাতে গোলজার আলী (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে সেন্টু আলী (৩০)।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনার পর সেন্টু আলীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বাগাতিপাড়া থানা সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সোনাপুর কলাবাড়িয়া গ্রামের গোলজার আলীর সঙ্গে তাঁর ছেলে সেন্টু আলীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সেন্টু হাতে থাকা হাঁসুয়া দিয়ে তাঁর বাবাকে উপর্যুপরি কোপান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে রক্ষা করতে এলে সেন্টু তাঁর সৎমা নুরজাহান বেগমকেও আঘাত করেন। এতে তিনি আহত হন। তাঁকে বাগাতিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই আশপাশের লোকজন সেন্টুকে আটক করে থানায় খবর দেন। রাতেই পুলিশ গিয়ে সেন্টুকে আটক করে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ রাতেই গোলজারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।