বাবাকে কুপিয়ে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে বাবাকে কুপিয়ে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার দরবারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দেয়। তারা নিজেদের আত্মীয় পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ওই ছাত্রীকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে ওই ছাত্রীর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনাটি অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিভিন্ন সড়কে অবস্থান নেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা উপজেলার আনন্দপুর ইউনিয়নের বরকত উল্যাহ সড়কে অটোরিকশা থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার ও মাঈনউদ্দিন চৌধুরী শাহিন (১৯) নামের একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মো. ইউনুস (২৭), মো. মজনু (২৮), মাঈন উদ্দিন চৌধুরী শাহিন (১৯) ও মো. মুছা (২৯) নামের চার ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় মামলা করেছেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।