বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহি দিয়ারা গ্রামে আজ শনিবার রাতে জলিল খান (৫০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ছেলে হাসান খান (২৫) গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলিল খানের বাড়ি পাশের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ি গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে বারাহি দিয়ারা গ্রামে রাস্তায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই জলিল নিহত হন। এর পর মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসানকে উদ্ধার করে পাশের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। অধিক তদন্তে হত্যার রহস্য বের হয়ে আসবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।