বাবাকে খুন করতে দা নিয়ে বসে ছিল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করায় দা দিয়ে বাবাকে খুন করতে বসে ছিলেন ছেলে। প্রাণ বাঁচাতে আর ঘরে ঢোকেননি বাবা। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে ছেলেটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার মধ্যরাতে নগরের বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা বন কর্মকর্তা শাহাদাত হোসেনের ছেলে সুজাউদ্দৌলা তুষার (২০) তিন বছর ধরে মাদকাসক্ত। খাগড়াছড়ির একটি স্কুল থেকে এসএসসি পাস করার পর আর পড়ালেখা করেননি তিনি। ইয়াবায় আসক্ত হয়ে পড়ায় টাকার জন্য পরিবারের সবাইকে প্রায়ই মারধর করতেন। চুরি করতেন বাসার জিনিসপত্র। সুস্থ করে তুলতে তিনবার মাদকাসক্ত নিরাময়কেন্দ্রেও পাঠানো হয়। ফিরে এসে আবার নেশায় আসক্ত হয়ে পড়েন। বেশ কিছুদিন ধরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করতে থাকলে গত মঙ্গলবার ছেলের বিরুদ্ধে হত্যা–চেষ্টা ও চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন বাবা শাহাদাত হোসেন। ওই মামলায় আদালত ছেলে তুষারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি আরও জানান, মামলার খবর পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তুষার। গতকাল রাতে বাবাকে খুন করতে বাসায় দা নিয়ে বসে থাকেন তিনি। বাধ্য হয়ে শাহাদাত হোসেন পুলিশের সাহায্য নেন। পুলিশ গিয়ে ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছেলেটিকে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার ছেলেটি ওসিকে বলেন, মামলা করায় ও নেশার টাকা না পেয়ে তিনি তাঁর বাবাকে খুন করতে বসেছিলেন।

শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন জায়গায় চাকরি করেছি। ছেলেকে সময় দিতে পারিনি। হাত বাড়াতেই মাদক পাওয়ায় আসক্ত হয়ে পড়ে সে। সবার কাছে অনুরোধ, আর কারও ছেলে যেন এভাবে নষ্ট হয়ে না যায়।’