বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে জুরাইন মেডিকেল রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহর আলী (৬০)। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। জুরাইনে তাঁর ছয়তলা বাড়ি রয়েছে। বাড়ির দ্বিতীয় তলায় তিনি সপরিবারে থাকতেন। নিচতলায় তাঁর একটি মোজার কারখানা রয়েছে। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ছেলে আমিনুল ইসলাম (২৯) পলাতক রয়েছেন।
কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, মোহর আলী বেলা সাড়ে তিনটার দিকে তাঁর ঘরে শুয়ে ছিলেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্ত্রী কোহিনুর এসে দেখেন তাঁর গলায় আঘাত। পরে বিকেল সাড়ে চারটার দিকে মোহর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে তাঁর ছেলে পলাতক হওয়ায় সন্দেহ তাঁর দিকেই।
মোজা কারখানার শ্রমিক ইব্রাহীম বলেন, ঘটনার পর তিনি আমিনুলকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন।
ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় মোহর আলীর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তিনি ছেলে আমিনুলকেই আসামি করেছেন। ঘটনাটি আমিনুল ঘটিয়ে থাকলেও কী কারণে ঘটিয়েছেন, তা এখনো বোঝা যাচ্ছে না। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে।