বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধারালো দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ড ঘটেছে উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংড়ি গ্রামে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে।
নিহত বাবার নাম মো. আলম ফকির (৫৮)। আর পুত্র মনোয়ার হোসেন ফকির (২৮)।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, নিহত আলম ফকির একজন কৃষক। তাঁর ছেলে মো. মনোয়ার হোসেন ফকির আজ সকালে বাবার কাছে কিছু টাকা দাবি করেন। মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে মনোয়ার ফকির ধারালো দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ির উঠোনে ফেলে রাখেন। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহত আলমকে নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। পথেই মারা গেলে তাঁরা লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন।
এদিকে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মনোয়ারকে ধরে গ্রামবাসী সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব ভুইয়ার বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং অভিযুক্ত মনোয়ারকে ধরে থানায় নিয়ে যায়। নিহতের আরেক পুত্র নয়ন ফকির বলেন, তার ভাই মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা অভিযোগটি খতিয়ে দেখছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিকেল সোয়া ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।